গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে পর্যটকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পার্কের ছয়জন কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে সালমা মোস্তারী নামের এক নারী বাদী হয়ে এই মামলাটি করেন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মামলার এজাহার ও ভুক্তভোগী সালমার ভাষ্যমতে, শনিবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাফারি পার্কে ঘুরতে যান। পর্যটন বাসে ওঠার সময় তিনি গাড়ির ভেতরে ময়লা দেখতে পেয়ে পার্কের কর্মীদের বিষয়টি অবহিত করেন। এ নিয়ে কর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সালমার অভিযোগ, একপর্যায়ে তাদের বহনকারী বাসটি নির্ধারিত স্থানে না থামিয়ে পার্কের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে, তার দুই ছেলে মো. জারিফ ও মো. মাহিন এবং গাড়িচালক মো. রাসেলকে মারধর করা হয়। এ সময় তার স্বর্ণের চেইন ও ব্যাগে থাকা টাকা লুট করার পাশাপাশি মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
অন্যদিকে, বন বিভাগের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে, পর্যটকরাই পার্কের কর্মী মো. মুমিনকে মারধর করেছেন। আহত মুমিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বন বিভাগও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে বলে তিনি জানান।

