আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুমের শিকার হয়েছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। এই দীর্ঘ প্রতীক্ষার সময়ে ভুক্তভোগীদের স্বজনরা যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করেছেন, তা তারা ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারবেন না। গুমের শিকার হওয়া ইলিয়াস আলীর স্ত্রী কিংবা সুমনের মায়ের মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের স্ত্রী-সন্তানদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেটিও অন্য কারও পক্ষে বোঝা সম্ভব নয়।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং বহু মরদেহ গায়েব করেছে। তিনি বলেন, আমরা মনে করি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। তিনি জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন অনুসারে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ মারা গেছেন, তবে তাদের নিজস্ব হিসাব অনুযায়ী এ সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, অনেক মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে বা গায়েব করা হয়েছে।

গুমের পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী আওয়ামী লীগের শাসনামলে ৭০৯ জন গুমের শিকার হয়েছিলেন, যার মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিষয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছিল। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এ ধরনের গুম-খুনের কোনো স্থান ছিল না। ব্রিগেডিয়ার আযমীর মতো অনেকে ফিরে এলেও পরিবারের কাউকে পাননি বলে তিনি উল্লেখ করেন।