নব্বই বছর পেরিয়েও যেভাবে বিশ্বকে বদলে দিচ্ছে চীনের ‘লংমার্চ’

গত জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বয়স ১০৫ বছর পূর্ণ হয়েছে। সেই তুলনায় দলটির ইতিহাসে অন্যতম মাইলফলক ‘লংমার্চ’-এর বয়স কিছুটা কম, ৯০ বছর। নিজেদের ১০৫ বছর পূর্তিতে চীনের এই দীর্ঘ যাত্রাকে ‘মহাকাব্যিক’ হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং। তবে বিশ্লেষকদের মতে, সিপিসি এখনো এক অদৃশ্য লংমার্চের মধ্য দিয়েই চলেছে, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বরাজনীতি ও অর্থনীতিকে বদলে দিচ্ছে। মাও সে-তুংয়ের হাত ধরে নতুন চীনের জন্ম হলেও আধুনিক অর্থনৈতিক অগ্রগতির সূচনা করেছিলেন দেং জিয়াওপিং, যাকে নতুন এক মাত্রায় নিয়ে গেছেন সি চিন পিং। বিশ্বজুড়ে আজ প্রশ্ন উঠেছে, দেং ও সিদের এই জাদুকরি সাফল্যের রহস্য কোথায়? চীনা বিশ্লেষকদের মতে, এই উত্তর লুকিয়ে রয়েছে মাওয়ের লংমার্চের মনস্তত্ত্বের গভীরে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় শিক্ষণীয় পাঠ হতে পারে।

ঐতিহাসিক এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ১৯৩৪ সালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুইজিনে। প্রতিপক্ষের চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা এড়াতে সিপিসির প্রায় এক লাখ কৃষক-ক্যাডার সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে দেশের অন্য প্রান্তে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুই বছর ধরে চলা এই যাত্রাপথে তাঁদের মুখোমুখি হতে হয়েছিল চরম বৈরী প্রকৃতি ও প্রতিপক্ষের নৃশংস হামলার। ১৯৩৬ সালে যখন এই যাত্রা শেষ হয়, তখন মাত্র ১০ হাজার ক্যাডার জীবিত ছিলেন। এই যাত্রার মূল কৌশল ছিল ‘সরাসরি সংঘাত এড়িয়ে যাওয়া’, যা আজকের চীনও বৈশ্বিক রাজনীতিতে অনুসরণ করছে। ইয়ানানে গিয়ে শেষ হওয়া এই লংমার্চের সর্বশেষ জীবিত সদস্য ওয়াং গুইজিয়াং গত ২২ জুলাই ১০৪ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর মাধ্যমে এই ঐতিহাসিক অধ্যায়ের প্রত্যক্ষ শরীরী যোগসূত্রের অবসান ঘটল। তবে সিপিসি এই রাজনৈতিক অভিজ্ঞতাকে শুধু ইতিহাসের পাতায় বন্দি না রেখে একে জাতীয় অনুপ্রেরণা ও মনস্তত্ত্বে রূপান্তর করেছে। আজকের চীনের দারিদ্র্য বিমোচন ও প্রযুক্তিগত উৎকর্ষ মূলত সেই আশি বছর আগের লংমার্চেরই ধারাবাহিকতা।

১৯২১ সালে মাত্র ১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা সিপিসি ১৯৪৯ সালে চীনের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। তখন দেশটি ছিল মূলত একটি অনুন্নত কৃষিনির্ভর সমাজ। আজ ৭৭ বছর পর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের ১৫১টি দেশের প্রধান বাণিজ্য অংশীদার। ১৯৪৯ সালে চীনের জিডিপির আকার ছিল মাত্র ১৪ বিলিয়ন ডলার, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৯ ট্রিলিয়ন ডলারে—অর্থাৎ প্রায় ১৩০০ থেকে ১৪০০ গুণ বৃদ্ধি পেয়েছে। চীনের বিপ্লবের ২৬ মাস আগে পূর্ব বাংলা তথা এই অঞ্চলের মানুষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। সমাজতান্ত্রিক চীনকে প্রথম মুসলিমপ্রধান দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন পাকিস্তান। সে সময় উভয় দেশের জিডিপির ব্যবধান ছিল খুবই সামান্য এবং প্রথম তিন দশক পাকিস্তানই প্রথাগত সূচকে এগিয়ে ছিল। কিন্তু ১৯৮০-এর দশক থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। দেং জিয়াওপিংয়ের আমল থেকে চীন বার্ষিক ৯ থেকে ১০ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে শুরু করে, যেখানে বাংলাদেশে এই প্রবৃদ্ধি গড়ে ৫ শতাংশ এবং পাকিস্তানে আরও কম। কেবল জিডিপির হিসাব দিয়ে এই ব্যবধান বোঝা যাবে না; গত চার দশকে চীন ভারী শিল্প ও মেগা অবকাঠামোতে চোখধাঁধানো উন্নতি করেছে এবং বর্তমানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বিপরীতে, বাংলাদেশ এখনো তৈরি পোশাক ও প্রবাসী আয়ের ওপর এবং পাকিস্তান টেক্সটাইলের ওপর নির্ভরশীল।

ক্ষমতায় আসার সময় সিপিসি প্রায় ৫৪ কোটি জনসংখ্যার দায়িত্ব পেয়েছিল, যার ৮০ শতাংশই ছিল চরম দরিদ্র। আজ দেশটির জনসংখ্যা প্রায় ১৪০ কোটি হলেও সেখানে চরম দারিদ্র্য বলতে আর কিছু নেই। জাতিসংঘ নির্ধারিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বা এসডিজি অর্জনের সময়সীমার ১০ বছর আগেই চীন এই লক্ষ্য পূরণ করেছে। ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে চরম দারিদ্র্য বিমোচনে যত মানুষের অবদান রয়েছে, তার ৬০ শতাংশই এসেছে চীনের হাত ধরে। চীন বর্তমানে উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ায় দৈনিক সাড়ে আট ডলারের নতুন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেখানে প্রায় ১০ শতাংশ ‘আপেক্ষিক দরিদ্র’ মানুষ রয়েছে। চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই আপেক্ষিক দারিদ্র্য দূর করা এবং শহর ও গ্রামের মধ্যকার আয়ের বৈষম্য কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দারিদ্র্য বিমোচনের এই লড়াই এখন চীনের গ্রামাঞ্চলে নতুন রূপ নিয়েছে।

এই অভূতপূর্ব উন্নয়ন দেখার আগেই মাও সে-তুং মারা গেছেন। তবে লংমার্চ থামেনি, বরং সময়ের প্রয়োজনে এর পথ বদলেছে। মাওয়ের মৃত্যুর পর দেং জিয়াওপিং যখন অর্থনৈতিক সংস্কার শুরু করেন, তখন মাওয়ের স্ত্রী চিয়াং চিং বন্দিদশা থেকে চিরকুটে লিখেছিলেন, ‘দেং বিপ্লব চুরি করেছে।’ তবে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং ১৩ বছর আগে এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, সিপিসির ইতিহাসে সংস্কারের আগের ও পরের দুটি পর্যায় রয়েছে এবং এই দুটি পর্যায় একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। মাওয়ের তৈরি করা মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৯৭৮ সাল থেকে সিপিসি সংস্কারের পথে হাঁটে। দেং জিয়াও ১৯৮১ সালের এক ভাষণে মাওয়ের আমলকে ‘৭০ ভাগ ভালো, ৩০ ভাগ খারাপ’ হিসেবে মূল্যায়ন করে বলেছিলেন, মাওয়ের মেধা ও অবদানই মুখ্য, ভুলগুলো গৌণ। সিপিসির কোনো নেতাই অতীতকে পুরোপুরি অস্বীকার করেননি, আবার অন্ধভাবে অনুসরণও করেননি।

চীনাদের সাধারণ ধারণা হলো—মাও দেশকে ঐক্যবদ্ধ করেছেন, দেং সমৃদ্ধির পথ দেখিয়েছেন এবং সি চিন পিং দেশকে পরাশক্তিতে পরিণত করতে চান। এই তিন নেতারই শক্তির মূল উৎস হলো একদলীয় রাজনৈতিক ব্যবস্থা। মাও যেখানে নিয়ন্ত্রিত অর্থনীতি ও শ্রেণিসংগ্রামের পক্ষে ছিলেন, দেং সেখানে মুক্তবাজার অর্থনীতি ও ক্ষমতার সর্বোচ্চ মেয়াদের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। সি চিন পিং ক্ষমতায় এসে মেয়াদের সেই নিয়ম পরিবর্তন করলেও দেংয়ের অর্থনৈতিক নীতি বজায় রেখেছেন এবং প্রযুক্তির উৎকর্ষকে জাতীয় মননে ছড়িয়ে দিয়েছেন। মাও যেভাবে প্রতিবিপ্লবীদের দমনের কথা বলতেন, সি একইভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং দল ও সরকারকে একীভূত করার চেষ্টা করছেন। তবে মাওয়ের কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজের চিত্র আজকের চীনে অনুপস্থিত। ‘ওয়ার্ল্ড ইন-ইক্যুয়ালিটি রিপোর্ট’ অনুযায়ী, চীনে বর্তমানে আয় ও সম্পদের ব্যাপক বৈষম্য রয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সি চিন পিং বড় কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য কমাতে আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং মেগা অবকাঠামোর চেয়ে সমাজকল্যাণমূলক খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। দেংয়ের ‘নিজেকে সমৃদ্ধ করো’ নীতির বিপরীতে সি এখন ‘যৌথ সমৃদ্ধি’র ওপর জোর দিচ্ছেন।

ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে পশ্চিমা বিশ্বে নানা গুঞ্জন রয়েছে। অনেকেই মনে করেন, সেন্ট্রাল পার্টি স্কুলের প্রধান কাই চি হতে পারেন চীনের পরবর্তী শীর্ষ নেতা। পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটিতে তাঁর অবস্থান পঞ্চম হলেও তিনি সির অত্যন্ত বিশ্বস্ত। বর্তমানে কাগজে-কলমে দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে ৭০ বছর বয়সী কাই চি বয়সের কারণে লি কিয়াংয়ের চেয়ে পিছিয়ে পড়তে পারেন, যদিও সি চিন পিং চাইলে এই নিয়ম শিথিল হতে পারে। সিপিসির কাছ থেকে বাংলাদেশের মতো দেশগুলোর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো উন্নয়ন নীতির ধারাবাহিকতা বজায় রাখা। বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগের নীতিগুলো বদলে ফেলার প্রবণতা দেখা যায়, কিন্তু সিপিসি অতীতকে প্রজ্ঞার পাঠশালা মনে করে আগের নীতিগুলোর সংস্কার করে মাত্র। সিপিসির নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াও অত্যন্ত সুনির্দিষ্ট; প্রতিটি নেতাকে তৃণমূল থেকে কাজের দক্ষতা প্রমাণ করে ওপরে উঠতে হয়। যেমন, সি চিন পিং ফুজিয়ান, জেচিয়াং ও সাংহাইয়ে প্রায় ২৫ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর পলিটব্যুরোতে স্থান পান এবং এর ছয় বছর পর প্রেসিডেন্ট হন। প্রধানমন্ত্রী লি কিয়াংও একইভাবে একটি প্রদেশে আট বছর দারিদ্র্য বিমোচনে দক্ষতা দেখিয়ে ধাপে ধাপে সাংহাইয়ের পার্টি প্রধান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন।

চীনের বেসরকারি খাতেও সিপিসির শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। আলিবাবা থেকে শুরু করে বাইটড্যান্স পর্যন্ত প্রতিটি বেসরকারি প্রতিষ্ঠানে সিপিসির নিজস্ব সেল বা শাখা রয়েছে, যা চাঁদাবাজির জন্য নয়, বরং জনস্বার্থ নিশ্চিত করতে কাজ করে। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর এক সমাবেশে মাও সে-তুং বলেছিলেন, লংমার্চ একটি বীজ বপনকারী যন্ত্রের মতো, যা থেকে ভবিষ্যতে ফসল আসবে। আজ ৯০ বছর পর সেই কথার সত্যতা প্রমাণিত হচ্ছে। বিজ্ঞান ও অর্থনৈতিক কলাকৌশলকে ব্যবহার করে সমাজ থেকে দারিদ্র্য দূর করার ক্ষেত্রে মাও, দেং ও সিদের এই মডেল বিশ্বকে নতুন পথ দেখাচ্ছে। নিজেদের দেশের গণ্ডি পেরিয়ে চীন এখন ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে এশিয়া ও আফ্রিকায় গত এক দশকে প্রায় এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে ক্রমবর্ধমান আয় ও সম্পদবৈষম্য রোধ করে সি চিন পিংয়ের ‘যৌথ সমৃদ্ধি’র লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলে দেবে। বর্তমানে ১০ কোটিরও বেশি সদস্য নিয়ে সিপিসি ২০৪৯ সালে বিপ্লবের শতবর্ষ পূর্তিতে বৈশ্বিক শাসনব্যবস্থার পুনর্গঠনের চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করতে চায়, যার স্পষ্ট ইঙ্গিত হয়তো আগামী বছরের ২১তম কংগ্রেসে পাওয়া যাবে।

দেংয়ের আমল থেকে ৯-১০ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি ঘটতে শুরু করে চীনে।

১৯৮৪ থেকে পরবর্তী ৮ বছর লি কিয়াং একটি প্রদেশে দারিদ্র্য নির্মূলে দক্ষতা দেখানোর পর ওয়েনঝোতে পার্টিপ্রধান করা হয় তাঁকে।