বাংলাদেশে বিচারকদের জবাবদিহির প্রক্রিয়া ও আইনি বিধান

বাংলাদেশে বিচারকদের জবাবদিহি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা এবং পিরোজপুরের একটি মামলার রায়কে কেন্দ্র করে নিম্ন আদালতের দুই বিচারকের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এই আলোচনাকে সামনে এনেছে। এর মধ্যে নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করা বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহারের কথাও বলেছে হাইকোর্ট বিভাগ। পৃথক দুটি ঘটনায় বিচারিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার প্রমাণ পাওয়ায় হাইকোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছে।

আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিচারকদের জবাবদিহির প্রক্রিয়াটি আসলে কী, তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতুহল রয়েছে। একজন বিচারক সাধারণত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীর শাস্তি নির্ধারণ করেন, যা সম্পূর্ণ আইন দ্বারা নিয়ন্ত্রিত। তবে কোনো বিচারকের বিরুদ্ধে যদি পক্ষপাতিত্ব, দুর্নীতি বা ত্রুটিপূর্ণ বিচারের অভিযোগ ওঠে, তবে তার প্রতিকারের সুনির্দিষ্ট আইনি পথ রয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিচার ব্যবস্থায় ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের বিচারিক বা নিম্ন আদালতগুলো সুপ্রিম কোর্টের সরাসরি নিয়ন্ত্রণাধীন। ফলে নিম্ন আদালতের বিচারকদের যেকোনো অনিয়ম বা ভুলের বিষয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতিরাই সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে, উচ্চ আদালতের বিচারপতিদের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে রয়েছে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’। আইন বিশেষজ্ঞরা মনে করেন, বিচার বিভাগের এই ভারসাম্য ও জবাবদিহিতার বিষয়টি দেশের সর্বোচ্চ আইন তথা সংবিধানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।