বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন। তিনি আশা প্রকাশ করেন যে, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি সফল করে তুলবে।
কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে। জামায়াত সেক্রেটারি জানান, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে এবং বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার মানুষ এতে যোগ দেবেন।
লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহণ, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টনের জন্য কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। কর্মসূচির শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন কমাতে ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। মহাসড়কের একটি অংশ ব্যবহার করে বহর এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত থাকে। তবে বড় এই কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তি হতে পারে বলে তিনি দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা চেয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

