রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ ডিএমপির এএসআই ও সহযোগী গ্রেপ্তার

রাজধানীতে মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার রাতে দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে মামলায় আসামি করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। এদিকে, পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানিয়েছেন, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্বরত ছিলেন এবং তার গ্রেপ্তারের বিষয়টি তারা অবগত হয়েছেন।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২৩: ১৪আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২৩: ২০