টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সামসুন নাহার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তরুণী টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে।

কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

একইদিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় সামসুন নাহারকে আটক করে র‍্যাব। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং আটক তরুণীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।