জ্বালানি সংকটের পেছনে যুদ্ধের প্রভাব দেখছেন রিজভী

চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, মূলত যুদ্ধের কারণেই দেশে এই জ্বালানি সংকট তৈরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে রিজভী বলেন, এলএনজি বহনকারী কার্গো এরই মধ্যে দেশে পৌঁছেছে এবং গ্যাসের সরবরাহ ও চাপ বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা মেরামতের পর এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, বর্তমান সংকট সরকারের কারণে হয়নি, বরং যুদ্ধের প্রভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, যেসব সংগঠনের কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সেগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্ব এই সংগঠনগুলোর দায়িত্ব গ্রহণ করবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।