নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে আয়োজিত এক আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উভয়পক্ষই বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ গুরুত্বপূর্ণ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও উভয় দেশ অভিন্ন আগ্রহ পোষণ করেছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।