অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ দিয়ে তেল যাবে না: মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল রপ্তানি করা সম্ভব হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন, এই পরিস্থিতি বজায় থাকলে হরমুজ প্রণালি দিয়ে কিংবা পারস্য উপসাগরের কোথাও থেকে এক ফোঁটা তেলও পার হতে দেওয়া হবে না।

মোহসেন রেজাই আরও উল্লেখ করেন যে, ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশের অংশগ্রহণ বা সমর্থনকে ইরান যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে।

এর আগে ইরান থেকে জানানো হয়েছিল যে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা অবশ্যই উপকূলীয় দেশগুলোর নিজস্ব নিয়ন্ত্রণে থাকতে হবে। একই সঙ্গে যেসব দেশ মার্কিন ঘাঁটি স্থাপন করবে বা মার্কিন কার্যক্রমে সহায়তা করবে, তাদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।