ইতালির কোচের দৌড়ে পেপ গার্দিওলা, নেপথ্যে মালদিনি ও লিওনার্দো

বিশ্ব ফুটবলের নজর ২০২৬ বিশ্বকাপের ৪৮টি দেশের লড়াইয়ের দিকে থাকলেও ইতালিয়ান ফুটবলের অন্দরমহলে চলছে অন্যরকম ব্যস্ততা। ইতালির জাতীয় দলের ভবিষ্যৎ নতুন করে সাজাতে কোমর বেঁধে নেমেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এই পুনর্গঠন প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি জিওভান্নি মালাগো, টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে এখন বার্সেলোনার আলোচনার টেবিলে থাকা পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটির সাফল্যমণ্ডিত দীর্ঘ অধ্যায় শেষ করা গার্দিওলা বর্তমানে নতুন চ্যালেঞ্জের সন্ধানে রয়েছেন। ইতালির ফুটবল ঐতিহ্য ও গার্দিওলার ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। মালদিনি ও লিওনার্দোর মতে, ইতালির বেঞ্চে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যিনি শুধু কৌশলগত দক্ষতাই নয়, বরং পুরো ফুটবল সংস্কৃতিকে নতুন দিশা দিতে সক্ষম। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সেই ট্রফি এসি মিলানের কিংবদন্তি পাওলো মালদিনিকে উৎসর্গ করার ঘটনাটি তাদের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধারই প্রমাণ দেয়।

সূত্র অনুযায়ী, গার্দিওলা ইতালির এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং আগ্রহও প্রকাশ করেছেন। ইতালির পরবর্তী কোচ হওয়ার সম্ভাব্য তালিকার শীর্ষে এখন তার নাম থাকলেও, তালিকায় রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে এবং আন্দ্রেয়া পিরলোর মতো নামও রয়েছে।

তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বিষয়টি নিয়ে বেশ সতর্ক। স্কাই স্পোর্ট ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মালদিনি ও লিওনার্দোকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে তার দুই সপ্তাহ সময় লেগেছে এবং তারা এই দায়িত্ব নিয়ে যথেষ্ট আগ্রহী। তিনি আরও বলেন, “মালদিনি ও লিওনার্দোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই; বরং আমরা একসঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে কাজ করছি। আরও কয়েক দিন ধৈর্য ধরুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে।” কোচের তালিকা মানচিনি বা পিরলোর মধ্যেই সীমাবদ্ধ কি না—এমন প্রশ্নের জবাবে মালাগো ইঙ্গিত দিয়েছেন যে, তালিকায় আরও কিছু নাম থাকতে পারে।