দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৯২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ জন।

