ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, দলের অভ্যন্তরীণ নির্বাচনে সাবেক রাজনৈতিক প্রধান খালেদ মেশালের বিরুদ্ধে রান-অফ ভোটে জয়ী হয়েছেন হামাসের সাবেক উপ-প্রধান ও পাঁচ সদস্যের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য খলিল আল-হাইয়া।
২০২৪ সালে গাজায় হামাসের শীর্ষ নেতা সিনওয়ার, সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এবং তেহরান সফরের সময় গুপ্তহত্যার শিকার হওয়া ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর আল-হাইয়ার গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শীর্ষ নেতাদের হারানোর পর তিনি হামাসের অন্তর্বর্তীকালীন পাঁচ সদস্যের গভর্নিং কমিটির অন্যতম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যা ২০২৪ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় গঠিত হয়েছিল। এছাড়া ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তিনি হামাসের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তবে সেই চুক্তি গাজায় ইসরায়েলি প্রাণঘাতী হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। আল-হাইয়া নিজেও এ পর্যন্ত অন্তত দুবার ইসরায়েলি বাহিনীর হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেছেন।
রামাল্লাহর কাছ থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, ইসরায়েল এখনো এই নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসরায়েলে তাকে একজন ‘বাজপাখি’ বা কট্টরপন্থী হিসেবে বর্ণনা করা হচ্ছে, যিনি আরব সরকার বা তুরস্কের চেয়ে ইরানের বেশি ঘনিষ্ঠ। এই নির্বাচনী প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল; পশ্চিম তীর, গাজা, ইসরায়েলি কারাগার এবং প্রবাসে থাকা হামাসের বিভিন্ন স্তরের নির্বাচন সম্পন্ন হয়ে চূড়ান্ত এই সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় লেগেছে।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণ করা আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই দলটির সাথে যুক্ত রয়েছেন। ২০০৬ সালে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংসদে সদস্য নির্বাচিত হন। কাতারকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গাজার বাইরে অবস্থান করার কারণে তিনি ইসরায়েলি অবরোধের বাধা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ ও সমন্বয় করার সুযোগ পেয়েছেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনার প্রতিনিধি দলগুলোর নেতৃত্বও দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে ইসরায়েলি হামলায় তার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে। ২০১৪ সালের যুদ্ধের সময় তার বড় ছেলে ওসামা, পুত্রবধূ এবং তিন নাতি-নাতনি নিহত হন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে কাতারের দোহায় ইসরায়েলি হামলায় তার আরেক ছেলে হুমামসহ পাঁচজন নিহত হন।

