আইনি বিয়ের বন্ধনে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস

দীর্ঘ ৮ বছর একসঙ্গে থাকার পর দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দুই সন্তানের জন্মের পর অবশেষে আইনি বিয়ের মাধ্যমে এই জুটি তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। তবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই ভারতের গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে সাদামাটা পোশাকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় গোয়া সিভিল কোডের অধীনে এই বিয়ে নিবন্ধিত হয়। সাধারণত বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের বাধ্যবাধকতা থাকলেও বিশেষ অনুমতি নিয়ে তারা দ্রুত বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন। সাব-রেজিস্ট্রার সূর্যে বর্ণেকর জানিয়েছেন, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিকেল ৪টার দিকে অর্জুন ও গ্যাব্রিয়েলা অফিসে এসে বিয়ে নিবন্ধন করেন।

অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১৮ সালে। পরের বছর তাদের প্রথম সন্তান অরিকের জন্ম হয় এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান অরিভের জন্ম হয়। আইনি বিয়ে না করেও তারা এতদিন পরিবার হিসেবে একসঙ্গে ছিলেন। ২০২৫ সালে আংটি বদলের পর ২০২৬ সালে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা দম্পতি।

দীর্ঘদিন বিয়ে না করার কারণ সম্পর্কে অর্জুন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের আনুষ্ঠানিকতা অনেক সময় সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট করতে পারে এবং দিনশেষে বিয়ে কেবল একটি কাগজের টুকরো মাত্র। তবুও শেষ পর্যন্ত তিনি সম্পর্কটিকে আইনি স্বীকৃতি দিলেন।

উল্লেখ্য যে, এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। ১৯৯৮ সালে সাবেক মিস ইন্ডিয়া মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন তিনি। ২১ বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয় এবং সেই সংসারে তাদের দুই কন্যাসন্তান মাহিকা ও মায়রা রয়েছে। বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন এবং গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের পরও সন্তানদের জীবনে বাবার দায়িত্ব পালন করে গেছেন তিনি।