প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করেছে আর্সেনাল। শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দীর্ঘ ২৫ বছর পর শীর্ষ লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় তুলে নিয়ে গানাররা প্রতিপক্ষদের জন্য একটি শক্তিশালী বার্তা দিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তারা। ১৫তম মিনিটে কাই হাভার্টজের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিপুণ ফিনিশিংয়ে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ওডেগার্ড বলেন, "নতুন মৌসুমে এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না।"
এই জয়ের মাধ্যমে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। প্রিমিয়ার লিগে ২৪৯টি ম্যাচে দায়িত্ব পালন করে ১৫০তম জয়ের স্বাদ পেলেন এই স্প্যানিশ কোচ। লিগের ইতিহাসে এত কম ম্যাচে ১৫০ জয় পাওয়ার ক্ষেত্রে আর্তেতার ওপরে আছেন কেবল পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো প্রথীতযশা ম্যানেজাররা। গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার পর শিরোপা জেতা আর্সেনালের লক্ষ্য এবার নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখা।
অন্যদিকে, চেলসির সাবেক তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রি সিটির সূচনাটা হয়েছে হতাশাজনক। নতুন মৌসুমের আগে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করে সাতজন নতুন ফুটবলার দলে ভেড়ালেও আর্সেনালের শক্তিশালী রক্ষণের সামনে তা কোনো কাজে আসেনি। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত সফরকারীরা প্রতিপক্ষের গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি। পরাজয়ের পর কভেন্ট্রি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, "আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি বড় শিক্ষা। তবে ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়েনি। আর্সেনালের মতো পরাশক্তি দলের কাছে হার দিয়ে আমাদের পুরো মৌসুমের মূল্যায়ন করা যাবে না। এখন আমাদের মূল কাজ হলো ভুলগুলো শুধরে নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটানো।"

