ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: জামায়াতের আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতেই পারেন এবং ভারতের ক্ষেত্রেও তার কোনো অসুবিধা নেই। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই সফর ও সম্পর্ক অবশ্যই সমতা, সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে হতে হবে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রাজশাহী মহানগর জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও সমমর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া জরুরি। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয়প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। এসব বন্ধ হবে কি না, তা মূলত প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপরই নির্ভর করছে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। দীর্ঘ সময় ধরে সংগঠনটি মানুষের মধ্যে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী মহানগর জামায়াতের আমির সংসদ সদস্য কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমির আবদুল খালেক এ সময় বক্তব্য দেন।