নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে নাগেশ্বরী উপজেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজমোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগর এলাকায় মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, স্থানীয় সন্ত্রাসী শেখ সিফাত ও তার সহযোগীরা এই হামলা চালায়। এলাকায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার জের ধরেই বুলবুলের ওপর এই হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীকে এভাবে প্রাণ দিতে হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। সমাবেশ থেকে অবিলম্বে বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েল, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

