সরকারের উচ্চপর্যায়ের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এর মাত্র ১১ দিন আগে তাকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
একই আদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ১০ আগস্ট সরকার কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বড় ধরনের পরিবর্তন এনেছিল। সে সময় চুক্তিভিত্তিক কৃষি সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। একই দিনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

