দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখছে ‘ডাক্তার কাকু’ সিনেমাটি। প্রায় দুই বছর আগে শুটিং সম্পন্ন হওয়া এই সিনেমাটি আগামী সেপ্টেম্বরে দর্শকদের সামনে মুক্তি পেতে যাচ্ছে। পাভেল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সিনেমায় প্রসেনজিৎকে দেখা যাবে আগের প্রজন্মের এক নিবেদিতপ্রাণ চিকিৎসকের ভূমিকায়। যিনি ডাক্তারি পাস করার সময় নেওয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে পালন করেন। রোগী দেখার সময় তার নিজের খাওয়া-দাওয়ারও কোনো হুঁশ থাকে না। পাড়া-প্রতিবেশীদের কাছে এই চিকিৎসক দিলীপ সাহা যেন এক জীবন্ত ঈশ্বর।
এই সিনেমায় প্রসেনজিতের লুক বা অবয়ব দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছে। চোখে চশমা, সাদা শার্ট আর প্যান্ট পরিহিত প্রসেনজিৎকে এখানে কোনো নায়কোচিত ভঙ্গিতে নয়, বরং একজন আপনভোলা মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া সিনেমায় ঋদ্ধি সেনকেও দেখা যাবে, যার চরিত্রের দুটি ভিন্ন লুক রয়েছে। প্রসেনজিতের দুই ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি ও পরিচালক পাভেল নিজে।
সিনেমাটির প্রযোজক এনা সাহা দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকার পর এই সিনেমার মাধ্যমেই ফিরছেন। প্রযোজনা ছাড়াও তিনি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এনা জানান, তিনি এতে একজন অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি আরও বলেন, প্রায় আড়াই বছর পর প্রযোজনায় ফিরতে পেরে এবং আটকে থাকা সিনেমাটি মুক্তি দিতে পারার খবরে তিনি বেশ আনন্দিত।
সিনেমাটির শুটিং কলকাতার বিভিন্ন অঞ্চল ছাড়াও পুরুলিয়াতে দুই দিন ধরে হয়েছে। সিনেমাটিতে একাধিক গান রয়েছে, যার সুরের দায়িত্বে ছিলেন রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত এবং সৌপ্তিক সায়ন্তন।

