খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যা

খুলনা নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই তরুণের প্রাণহানি ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার অন্য একটি স্থান থেকে নাজমুল (১৮) নামের আরও এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হয়। বুধবার বিকেলে ফুটবল খেলা নিয়ে মঞ্জুরুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। খেলা শেষে মঞ্জুরুল তাঁর এক বন্ধুকে নিয়ে আশিবিঘা কালভার্টের পাশে বসে থাকাকালীন পুনরায় দুর্বৃত্তদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আশিবিঘা এলাকায় সাইফি গ্রুপ ও রাজু গ্রুপ নামের দুটি সন্ত্রাসী গ্রুপের বিরোধ রয়েছে, যার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তাও যাচাই করা হচ্ছে। ঘটনার সময় মঞ্জুরুলের সঙ্গে থাকা তাঁর বন্ধুকে খুঁজে পেয়েছে পুলিশ এবং তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে আশিবিঘা এলাকার অপর প্রান্ত থেকে নাজমুল নামের ওই তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে গুলির খোসাও পাওয়া গেছে। নিহতের বাবা মনির শেখ জানান, বুধবার বিকেল চারটার দিকে চুল কাটিয়ে বাড়ি ফেরার পথে তিন-চারজন মুখোশধারী যুবক নাজমুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে থাকেন। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁরা নাজমুলকে শনাক্ত করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানিয়েছেন, নাজমুলের হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।