মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বার্তা পেয়েছে ইরান

চলমান সংঘাত ও উত্তেজনার আবহে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরান। দুই দেশের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমেই মূলত তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে। বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও তিনি নিশ্চিত করেন যে, তেহরান কিছু বার্তা পেয়েছে। বাঘাইয়ের ভাষ্যমতে, সাম্প্রতিক দিনগুলোতে তাদের কূটনৈতিক তৎপরতা বেশ সক্রিয় ছিল এবং নির্দিষ্ট কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে বিভিন্ন প্রস্তাব বা ধারণা তাদের কাছে পৌঁছানো হয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনা বৃদ্ধির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তবে তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী দেশগুলো তাদের দায়িত্ব পালন করবে এবং নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালাতে দেবে না।

আঞ্চলিক পরিস্থিতির ওপর হুঁশিয়ারি উচ্চারণ করে ইসমাইল বাঘাই আরও যোগ করেন, যত দিন পর্যন্ত এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা হামলা অব্যাহত থাকবে, ইরানের সশস্ত্র বাহিনীও তার উপযুক্ত জবাব দিয়ে যাবে।