প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে এই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন নতুন দুই মুখ। বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, নতুন এই দুই সদস্যের মধ্যে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।
নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার অথবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের পূর্বে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকেই মন্ত্রিসভার নতুন এই দুই সদস্য শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যার ফলে ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হতে পারে।

