সংসদীয় কমিটির প্রথম বৈঠকে ডাক পেলেন না গাজী নজরুল

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাকা হয়নি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। তিনি এই ১০ সদস্যের কমিটির একজন সদস্য হলেও মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় সংসদে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী।

বৈঠকের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত এবং সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন।

কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান ও রোকেয়া বেগম। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। ঘটনার পরদিন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করা হয়। চিঠিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল।