হাসান মাহমুদের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ডেমিয়েন ফ্লেমিং

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ের পর থেকেই বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টাইগারদের এমন পারফরম্যান্সের পর দেশটির সাবেক ক্রিকেটাররা তাদের প্রশংসায় পঞ্চমুখ। ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্ট শোতেও উঠে এসেছে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য, যেখানে বিশেষ নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ওপেনার তানজিদ হাসানের ব্যাটিং কৌশলের প্রশংসা করেছেন জেসন গিলেস্পি। তার শট নির্বাচন ও টেকনিকের ভূয়সী প্রশংসা করে গিলেস্পি বলেন, তানজিদের টেকনিক দারুণ। ফুল লেংথের বলের ক্ষেত্রে সামনে এবং শর্ট বলের ক্ষেত্রে ব্যাকফুটে থেকে সে তার বেসিক ঠিক রেখে ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ান বোলাররা যখনই স্টাম্পের বাইরে বল করেছে, সে সেই সুযোগ কাজে লাগিয়েছে। এই সেঞ্চুরিটি তার একদমই প্রাপ্য ছিল।

ম্যাচটিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৯ উইকেট (৬+৩) তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। তার নিয়ন্ত্রিত ও নিখুঁত বোলিংয়ে মুগ্ধ সাবেক অজি পেসার ডেমিয়েন ফ্লেমিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ছায়া দেখতে পেয়েছেন। ম্যাকগ্রার সামনেই ফ্লেমিং বলেন, হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। আমি জানি না তুমি (ম্যাকগ্রা) কোনো হাইলাইট দেখেছ কি না, সে একদম ম্যাকগ্রার মতোই বোলিং করেছে। একটানা দারুণ লাইন-লেংথ বজায় রেখে সে ব্যাটসম্যানকে সামনে খেলতে বাধ্য করেছে এবং বল দিয়ে বেশ ভালোই বিপদে ফেলেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই সাফল্যকে বিশ্ব ক্রিকেটের জন্য বড় এক ইতিবাচক দিক হিসেবে দেখছেন খোদ গ্লেন ম্যাকগ্রা। তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সর্বশেষ ২৩ বছর আগে অস্ট্রেলিয়ায় এসেছিল। সম্ভবত তারা ভালো করতে পারবে না ভেবেই অস্ট্রেলিয়া এত বছর ঘরের মাঠে তাদের আমন্ত্রণ জানায়নি। কিন্তু তারা এসে যেভাবে পারফর্ম করল, তা বিশ্ব ক্রিকেটের জন্যই দারুণ এক বার্তা।

আগামী শনিবার থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। ডারউইনের এই জয় কেবল একটি টেস্ট জয় নয়, বরং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই সাবেক তারকারা আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ দল তাদের এই আত্মবিশ্বাস সিরিজের শেষ ম্যাচেও ধরে রাখতে পারবে।