গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর প্রাণহানি ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদন অনুযায়ী, বেল মডেলের হেলিকপ্টারটি দ্বীপের কাছে অবস্থিত একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। পরিকল্পনা অনুযায়ী এটি দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। তবে আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সাগরের পানিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগেই নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে।

