দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

তামিল সুপারস্টার সুরিয়ার ক্যারিয়ারে যোগ হলো নতুন এক সাফল্যের পালক। তার অভিনীত নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে সুরিয়া তার অভিনয় জীবনে দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর রেকর্ড গড়লেন।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পায়। ভেঙ্কি আতলুরি পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানেই ছবিটির বিশ্বব্যাপী আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। প্রায় ১৩০ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি সুরিয়ার ক্যারিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে।

সুরিয়ার সাম্প্রতিক সময়টা বেশ ভালো কাটছে। এর আগে মুক্তি পাওয়া তার ‘কারুপ্পু’ সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে। সেই সাফল্যের তিন মাসেরও কম সময়ের মধ্যে নতুন এই সিনেমাটির এমন সাফল্য তার জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে কেন্দ্র করে। মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য সারোগেসির মাধ্যমে বাবা হয় সঞ্জয়। কিন্তু সন্তান অসুস্থ হয়ে পড়লে সে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়। অর্থের বিনিময়ে সম্পর্ক শুরু হলেও সন্তানের সূত্রে সঞ্জয় ও ম্যাডির মধ্যে এক গভীর সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ম্যাডি সঞ্জয়ের চেয়ে প্রায় ২০ বছরের ছোট। সমাজের নানা ট্যাবু ও স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত এই সিনেমাটিতে সুরিয়ার পাশাপাশি অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি ও নাসারসহ আরও অনেকে।