সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই সংকট দ্রুত নিরসনে যৌথ কূটনীতি এবং উচ্চপর্যায়ের সরকারি হস্তক্ষেপের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই’-এর প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আমিরাতের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে এবং একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসার পাশাপাশি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তরের ওপর যে কড়াকড়ি ও স্থবিরতা তৈরি হয়েছে, সে সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। এ অবস্থায় দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রবাসী সিআইপি ও ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা দূর করতে তাদের সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমান টিকিটের সিন্ডিকেট ভাঙা এবং যুক্তিসঙ্গত ভাড়া নিশ্চিতের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, অতি দ্রুত একটি সর্বজনীন ও স্বচ্ছ ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পাবেন এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো নিশ্চিত করা সম্ভব হবে।
দেশে প্রবাসীদের বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা হাই-টেক পার্কে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড়ের সুবিধা দেওয়া হবে। এছাড়া বিডা, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য সরকারি দপ্তরে প্রশাসনিক জটিলতা এড়াতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে ডিজিটাল ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
আমিরাতের স্থানীয় আইন-কানুন ও প্রথা কঠোরভাবে মেনে চলার জন্য সাধারণ প্রবাসীদের সচেতন করতে সিআইপিদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে সংবেদনশীল পরিস্থিতিতে ছবি বা ভিডিও ধারণ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার করে নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার ওপর তিনি জোর দেন। হুন্ডি প্রতিরোধ করে বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে কর্মীদের উদ্বুদ্ধ করার জন্যও তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ভিসা চালু করা, বিদেশগামী কর্মীদের মান উন্নয়ন, প্রবাসী কার্ড নিশ্চিতকরণ, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগসহ বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
এই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

