বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না এবং অত্যন্ত স্বচ্ছ ও প্রশ্নাতীত প্রক্রিয়ায় তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তা নিয়ে কাউকে কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ দেশের মাটিতে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই।
রবিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হওয়াটা কোনো গোপন বিষয় নয়। উপযুক্ত আদালতেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এমন এক আদালতে এই বিচার হবে, যার কার্যক্রম বা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা এবং এর ওপর জনগণের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে আইনজীবী ও বিচারসংশ্লিষ্টদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বক্তারা। তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কাজ পরিচালনা অনেক সহজ হবে। এর ফলে সাধারণ বিচারপ্রার্থীরাও উন্নত পরিবেশে আইনি সেবা লাভ করতে পারবেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার এমপি। সভায় আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এবং পরে তারা আইনজীবীদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবি নিয়ে মতবিনিময় করেন।

