বিজ্ঞাপনে পান মসলার পরোক্ষ প্রচার: আইনি নোটিশ পেলেন শাহরুখ-অজয়-টাইগার

পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’র প্রচারণার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই তিন অভিনেতাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

তুকারাম মুন্ধে পরিচালিত এই খাদ্য নিরাপত্তা সংস্থাটি তারকাদের কাছে ৯ পৃষ্ঠার একটি নোটিশ পাঠিয়েছে। এতে তাদের অবিলম্বে এই বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিনেতাদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই বিজ্ঞাপন সংক্রান্ত সব ধরনের প্রচারণামূলক পোস্ট ও কনটেন্ট দ্রুত মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালে পান মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বিমল’-এর এলাচির একটি বিজ্ঞাপনে এই তিন তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এফডিএ-র নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি ‘বিমল এলাচি’র বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হলেও মূলত ‘বিমল’ ব্র্যান্ডটি পান মসলার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। আর মহারাষ্ট্রে পান মসলা তৈরি, সংরক্ষণ, পরিবহন, বণ্টন ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞাপনে বিমল নামের এই ব্যবহার সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ মূল ব্র্যান্ডটিরই প্রচার চালায়।

বিভ্রান্তিকর বা ভুল তথ্যভিত্তিক বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য রাজ্যটির ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযুক্তদের বড় অঙ্কের জরিমানা হতে পারে। এই আইনে ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ৩ বছরের জন্য যেকোনো পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির বিধান রয়েছে। এ কারণেই এফডিএ কর্তৃপক্ষ এই তিন তারকার কাছে তাদের স্পন্সরশিপ চুক্তিপত্র, প্রচারের বিস্তারিত তথ্য এবং বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার আগে পণ্যটি সম্পর্কে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রমাণাদি তলব করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে একই ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আরেক বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরবর্তীতে তিনি ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে চুক্তি বাতিল করেন এবং বিজ্ঞাপন থেকে প্রাপ্ত পুরো পারিশ্রমিক জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দেন।