মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

দীর্ঘদিন ধরেই বিনোদন জগতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের নানা অনুভূতি, অভিজ্ঞতা ও বাস্তবতা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার নিজের ফেসবুক পেজে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নিজের নতুন দর্শন তুলে ধরে প্রভা লিখেছেন, সম্পর্ক ছিন্ন করা মানেই মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা যে, একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তিনি স্পষ্ট করেছেন, ভালোবাসার মূল্য কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না।

অভিনেত্রীর মতে, যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা উপকারে না এলেও মানুষকে নিঃশেষ করে দেয়। তিনি আরও বলেন, পরিবারের এমন কেউ থাকেন যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে—এই আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না সে আবিষ্কার করে যে এই প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।

জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়াকে কোনো নির্মমতা নয়, বরং সাহসিকতার পরিচয় হিসেবে দেখছেন প্রভা। তিনি বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি। অনেকে হয়তো বলতে পারেন যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না; বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।

যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে নিরাময় সম্ভব নয় এবং যে পরিবেশ মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না বলে মন্তব্য করেন প্রভা। তাই সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে বলে তিনি জানান।