ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্রীড়া ইভেন্টের সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস। নিরাপত্তা নিশ্চিত করতে আকাশে এফ-১৬ যুদ্ধবিমান টহল দেবে এবং স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন সামরিক প্রশিক্ষিত স্নাইপাররা। এছাড়া নিরাপত্তার দায়িত্বে হাজারো এফবিআই এজেন্ট মোতায়েন করা হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, নিরাপত্তা আয়োজনের দিক থেকে এটি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সমপর্যায়ের। তার মতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তার জন্য একাধিক ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে। এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে গত দুই বছর ধরে যৌথভাবে কাজ করেছে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো। প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় ৪৬ কোটি ৫০ লাখ পাউন্ড) ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছেন। সৌভাগ্যক্রমে টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং শেষ ম্যাচটিও নিরাপদ রাখতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
নিরাপত্তার কড়াকড়িতে দর্শকদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে। উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনালের আগে অস্থায়ী আকাশসীমা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিয়ম ভেঙে একটি ছোট বেসামরিক বিমান প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। এছাড়া টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই।
ট্রাম্পের উপস্থিতিতে এই বিশ্বকাপ সবচেয়ে বেশি দর্শক দেখা, নিরাপদ এবং সফল আসরের মর্যাদা পাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ফাইনাল শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেন ও আর্জেন্টিনা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। অতীতেও ট্রাম্পের ক্রীড়া ইভেন্টে উপস্থিতির কারণে দর্শকদের ভোগান্তির ঘটনা ঘটেছে, যার মধ্যে গত মাসে নিউ ইয়র্কে এনবিএ ফাইনালের সময় সড়ক বন্ধ রাখার ঘটনাটি উল্লেখযোগ্য।

