হোয়াইট হাউসের ওভাল অফিসে সরকারি কর্মকাণ্ড পরিচালনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝিমিয়ে পড়ার দৃশ্য নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। শুধু ওভাল অফিসেই নয়, বিভিন্ন অনুষ্ঠানেও তাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখা গেছে বলে দাবি তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঘুমঘুম ভাব নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের কৌতুক ও গুঞ্জন চলছে।
অনেকে এখন ট্রাম্পের এই পরিস্থিতির সঙ্গে তার পুরোনো বক্তব্যের তুলনা করছেন। প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেনকে ট্রাম্প প্রায়ই ‘স্লিপি জো’ বলে বিদ্রূপ করতেন। জনসম্মুখে বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ট্রাম্প এখন নিজেই একই ধরনের উপহাসের মুখে পড়েছেন। বিভিন্ন কর্মসূচিতে চোখ বন্ধ বা ঝিমিয়ে পড়ার দৃশ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ‘স্লিপি ট্রাম্প’ মন্তব্যও দেখা যাচ্ছে।
গত ১০ আগস্ট ওভাল অফিসের একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ট্রাম্পকে বারবার চোখ খোলা রাখতে বেগ পেতে দেখা যায়। এই ভাইরাল ভিডিও ফুটেজে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন দর্শকরা লক্ষ্য করেন, প্রেসিডেন্ট যখনই ঢুলে পড়ছিলেন, তখন তার পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী নিজের পেটে হাত দিয়ে কিছু একটা চাপছেন এবং ট্রাম্প ঝট করে জেগে উঠছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ অনুমান করতে শুরু করেন যে, ট্রাম্প ঘুমিয়ে পড়লে তাকে সতর্ক করার জন্য ‘দ্য জ্যাপার’ নামের কোনো বিশেষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বৈদ্যুতিক বোতাম চাপছেন। তবে ইন্টারনেটের এই মুখরোচক ষড়যন্ত্র তত্ত্বটি সচেতন ব্যবহারকারী ও বিশ্লেষকরা নাকচ করে দিয়েছেন। তাদের যুক্তি, প্রেসিডেন্টের পেছনে দাঁড়িয়ে থেকে তার চোখের পাতা পড়ার বিষয়টি বোঝা কোনো মানুষের পক্ষে অসম্ভব এবং সরাসরি ক্যামেরার সামনে এমন কোনো ডিভাইস ব্যবহারের দাবি একেবারেই অবাস্তব।

