ময়মনসিংহ নগরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বী নামের ওই যুবক দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিত তার ওপর হামলা চালায়। রাব্বী প্রাণ বাঁচাতে দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা দোকানের ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হোসেন আলী জানান, তার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনের দোকানে এসেছিল। শত শত মানুষের সামনে তাকে কুপিয়ে রক্তাক্ত করা হলেও কেউ প্রতিবাদ করেনি, এমনকি ভয়ে কেউ কিছু বলছে না। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমার বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে। নিহতের প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

