ওষুধশিল্পের ভবিষ্যৎ রক্ষায় উদ্ভাবনী সক্ষমতা গড়ার তাগিদ

সস্তা শ্রম ব্যবহার করে বাংলাদেশ এতদিন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, সেই মডেলটি এখন তার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আধুনিক ওষুধে প্রবেশাধিকার আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়বে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো জনস্বাস্থ্য সংকট ভয়াবহ রূপ নিচ্ছে, যার প্রভাব এখনো পুরোপুরি উপলব্ধি করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশকে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই বহুমুখী চ্যালেঞ্জ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নিজস্ব প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনের সক্ষমতা গড়ে তোলা।

গত অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত নেমে এসেছে প্রায় ৬ দশমিক ৬ শতাংশে—আগের বছরের প্রায় ৭ দশমিক ৪ শতাংশ থেকে কমে এবং বিশ্বের যেকোনো অর্থনীতির তুলনায় যা অন্যতম সর্বনিম্ন। প্রতিবেশীরা ধারেকাছেও নেই—নেপাল তার জিডিপির প্রায় ১৮ শতাংশ কর হিসেবে আদায় করে, ভারত ১২ শতাংশের বেশি। এই নিম্ন হারের ফলে মেধাবী রসায়নবিদরা দেশে গবেষণার সুযোগ পান না এবং বিদেশে পাড়ি জমান। ফলে দেশ উচ্চ মূল্য সংযোজন করতে পারছে না এবং রাজস্ব ঘাটতির কারণে রাষ্ট্রকে উচ্চ ঋণের বোঝা টানতে হচ্ছে। সস্তায় পণ্য উৎপাদনের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে না পারলে দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জন করা কঠিন।

বাংলাদেশের ওষুধশিল্পের সামনে এখন দুটি বড় সময়সীমা রয়েছে। প্রথমত, ২০২৬ সালের ২৪ নভেম্বরের মধ্যে এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধা হারাবে। ছাড়টি ২০৩৩ সাল পর্যন্ত, কিন্তু কেবল যারা এলডিসির অন্তর্ভুক্ত থাকবে, তাদের জন্য; ২০২৬ সালের ২৪ নভেম্বর গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তা হারাবে—নির্ধারিত সময়ের সাত বছর আগেই। বর্তমানে দেশের প্রায় এক-পঞ্চমাংশ ওষুধ পেটেন্টকৃত, যা লাইসেন্স ছাড়া উৎপাদন করা সম্ভব হচ্ছে। গ্র্যাজুয়েশনের পর এই সুবিধা না থাকলে নতুন ক্যানসারের ওষুধ বা ইনসুলিনের মতো জীবনরক্ষাকারী ওষুধের দাম বেড়ে যাবে। দ্বিতীয়ত, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে বছরে প্রায় ৫০ লাখ মৃত্যুর সঙ্গে জড়িত এবং বহুল-উদ্ধৃত পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বছরে এক কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। বাংলাদেশে ২০১৯ সালে এএমআরজনিত মৃত্যু ছিল প্রায় ২৬ হাজার ২০০। আইসিইউগুলোতে সংক্রমণের মৃত্যুর হার ২১ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে, কারণ জীবাণুগুলো সর্বশেষ সারির অ্যান্টিবায়োটিককেও অকার্যকর করে দিচ্ছে।

রপ্তানি নগদ প্রণোদনা এখন আর কার্যকর কৌশল নয়, কারণ এটি আইনি জটিলতায় পড়বে এবং বিদেশি ক্রেতারাও এটি সম্পর্কে সচেতন। ওষুধের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সমার্থক। তাই পরবর্তী প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে গবেষণাগারে বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের মেধার সঙ্গে শিল্পের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। রাষ্ট্রকে প্রাথমিক ঝুঁকির অংশীদার হতে হবে, কারণ একবার উদ্ভাবনের সক্ষমতা তৈরি হলে তার সুফল পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। এলডিসি উত্তরণের সময়সীমা আসলে আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণেরই ঘড়ি-গণনা।