২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দমাতে তৎকালীন সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ও হাছান মাহমুদকে ফোনে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যকার ফোনালাপে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার ব্যবহার করে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিতে দেখা গেছে।
ফাঁস হওয়া ফোনালাপ অনুযায়ী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টার থেকে এই হামলা চালানোর নির্দেশনা দেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করার এবং পরবর্তীতে সেই নাশকতার সম্পূর্ণ দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।

