সৌদি আরবে সোফা কারখানায় আগুন: নাটোরের দুই প্রবাসী নিহত

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী যুবকের বেদনাদায়ক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির (৩০) এবং একই উপজেলার দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন। স্থানীয় বাসিন্দা ও নিহতদের পারিবারিক সূত্র এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, সৌদি আরবে তাদের কর্মস্থল একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ করেই ভয়াবহ আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। এই মর্মান্তিক মৃত্যুর খবর নিজ এলাকায় পৌঁছানোর পর নলডাঙ্গার ওই গ্রামগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজেরি ও কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাটোরের এই দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন স্বজন ও স্থানীয়রা। তবে এই বিষয়ে এখনো স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।