রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত করেছে। রোববার (৯ আগস্ট) জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন ১১ দলের শরীক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। তিনি তাকে বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন। অলি আহমদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিনি জানান, তিনি অতীতে বিভিন্ন সময় নানা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্নেল অলি আহমদ। তিনি বলেন, সবাই মনে করেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং পরীক্ষিত লোক হিসেবে, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবন-যাপন করেছি বিধায় সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। তিনি সমগ্র জাতি, জোটের নেতৃবৃন্দ ও সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে রোববার সকালে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে এই নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং খেলাফত মজলিসের মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।