২০১৫ সালে তৎকালীন বিএনপি নেতা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে র্যাবের টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ সেই সময়ের র্যাব ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে গুম করার বিষয়টি সরাসরি শেখ হাসিনার নির্দেশেই ঘটেছিল। এছাড়া গুমের পর তাকে ভারতে পাচারের ঘটনায় কারা জড়িত ছিল, তা নিয়েও বর্তমানে তদন্ত চলমান রয়েছে। শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মৌখিক জবানবন্দি গ্রহণ করেছেন এবং খুব দ্রুত তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে। এছাড়া সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত সংস্থার হাতে আসা তথ্যে আরও জানা গেছে, গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেছেন, তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে এবং সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

