সাভারে বিএনপি নেতাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় এই বিএনপি নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসছেন। শনিবার তার বাসার প্রধান ফটকের সামনে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি চিরকুট ছিল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে ইসমাইল হোসেন মোল্লা নিজ বাসার সামনে ব্যাগটি দেখতে পান। চিঠিতে তাকে উদ্দেশ্য করে বলা হয়, 'প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না।' চিঠিতে আরও লেখা ছিল, 'ভালোবেসে শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।'

এ বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, 'এতদিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে।' তিনি জানান, কে বা কারা এই হুমকি দিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে তিনি এই হুমকিকে পরোয়া করেন না এবং জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি জব্দ করেছে। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৩৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৪২