নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর স্কুল মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ১২ জন আহত হয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মদনমোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এ. মতিন দাখিল মাদ্রাসার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। খেলা চলাকালে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর মদনমোহন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের আচরণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান এবং বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান দ্রুত ঘটনাস্থলে যান। তারা জানিয়েছেন, পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, এটি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার একটি সাধারণ প্রস্তুতিমূলক ম্যাচ ছিল। তিনি আরও জানান, কিছু স্থানীয় গণমাধ্যমে ঘটনাটিকে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি এই প্রস্তুতি ম্যাচের ঘটনাকে ওই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

