জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশ্ব গণমাধ্যমে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আঞ্চলিক কূটনীতি এবং ভবিষ্যতের গতিপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ এবং শেখ হাসিনা সরকারের পতনের পূর্ববর্তী ৭২ ঘণ্টার পরিস্থিতি বিশ্লেষণ করেছে। এছাড়া এই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে, সেটিও তাদের প্রতিবেদনে স্থান পেয়েছে।

অন্যদিকে রয়টার্স বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নজরদারি এবং ৫ আগস্ট ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে তার ভার্চুয়াল অডিও বক্তব্য ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিও এতে উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের বিশ্লেষণে জানিয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত এবং বাংলাদেশে ফেরার বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুও শেখ হাসিনার ভারতে অবস্থান এবং নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে তার অডিও বক্তব্য দেওয়ার পরিকল্পনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যে নতুন কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে, সেটিও তাদের প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-রাজনৈতিক সাময়িকী দি ডিপ্লোম্যাট তাদের বিশ্লেষণে বলেছে, বাংলাদেশের জুলাই বিপ্লব নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সাময়িকীটি উল্লেখ করেছে যে, বিপ্লব-পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্যও তাৎপর্যপূর্ণ। এছাড়া একনায়কতন্ত্র থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক যাত্রার পথে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ করাই নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে তারা মনে করছে।