বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ আলোকচিত্র প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শিরোনামের এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপি, মোহাম্মদ কামাল হোসেন এমপি, রাশেদুল ইসলাম রাশেদ এমপি এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সুধীজন।

উদ্বোধনী দিনে প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। দলীয় সূত্রে জানা গেছে, প্রদর্শনীটি বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আন্দোলনের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের অনেক বিরল স্থিরচিত্র স্থান পেয়েছে এবং প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থী তা ঘুরে দেখেছেন।

প্রদর্শনী উদ্বোধনের পর ডা. শফিকুর রহমান বলেন, দুই বছর আগে সংঘটিত এই ঘটনাপ্রবাহ ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, শিশু থেকে তরুণ—সবাইকে এই ইতিহাস সম্পর্কে জানতে হবে। প্রদর্শনীটি ঘুরে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি মন্তব্য করেন, এ ধরনের আয়োজন মানুষের কাছে জুলাই আন্দোলনের আত্মত্যাগকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, যদি কেউ নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তবে জনগণ অতীতের মতোই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। একই সাথে তিনি আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।