কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোট ছয়টি মামলা নিষ্পত্তি করা হয় এবং কাউকে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি।

আদালতের রায়ে বালীগাঁও গ্রামের তাছলিমা বেগম, ইব্রাহিম এবং রবিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই অভিযানে দিঘুয়া গ্রামের মিঠুন, মানিক মিয়া ও আরিফুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম শেখ এবং আদালতের বেঞ্চ সহকারী হিসেবে সামসুন নাহার সিমু দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকসংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।