দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহর আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, ফটিকছড়ির জামাল হত্যা মামলা এবং অস্ত্র মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র মামলায় ইমনের পাঁচ সহযোগীর প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত মঙ্গলবার রাতে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে চাঁদাবাজি ও বিভিন্ন ব্যক্তিকে হুমকির ঘটনায় তার নাম নিয়মিত আলোচনায় উঠে আসছে।