রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি এই সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কোয়েল মল্লিক সশরীরে রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন এবং তার হাতে পদত্যাগপত্র তুলে দেন।

এর আগে গত ১১ জুন তিনি ই-মেইলের মাধ্যমে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সেই সময় তা গৃহীত হয়নি। তাকে জানানো হয়েছিল যে, পদত্যাগপত্র কার্যকর করতে হলে সশরীরে উপস্থিত হয়ে তা জমা দিতে হবে। সেই নিয়ম মেনেই তিনি আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিককে এই রাজ্যের কোটায় রাজ্যসভার সদস্য মনোনীত করেছিলেন। তার পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে ৯-এ দাঁড়িয়েছে।