সিংড়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মযজ্ঞ চলে দিনভর। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’ (শেরকোল), ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

দুপুর একটার দিকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উপজেলার প্রতিটি সড়ক ও খালি জায়গায় বৃক্ষরোপণে সুশীল সমাজ ও তরুণদের এমন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং চারা রোপণের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এই উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্যোক্তা সংগঠনগুলোর পক্ষ থেকে বুনোদলের নেতারা ও অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি বলেন, তরুণ সমাজ ও স্থানীয়দের একত্র করে পরিবেশবান্ধব কাজের এই প্রচেষ্টা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও এলাকাবাসী এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোয়াইড় ও বালাল গ্রামের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে গাছের চারা রোপণে অংশ নেন এবং ভবিষ্যতে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। অনুষ্ঠানে ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মেহেদী হাসান বাবু, সাংবাদিক খন্দকার মাহাবুব রহমানসহ বুনোদলের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। দিনভর বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।