নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধ করার আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। দীর্ঘদিন ধরে সহিংসতা, অতিরিক্ত বন্দী এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সমালোচিত এই কারাগারটি বন্ধ করাকে তিনি একটি আইনি ও নৈতিক দায়িত্ব হিসেবে অভিহিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে এই রূপরেখা প্রকাশ করা হয়েছে।
এর আগে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও কারাগারটি ২০২৭ সালের আগস্টের মধ্যে বন্ধের সময়সীমা নির্ধারণ করেছিলেন। নতুন পরিকল্পনায় সেই মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার এক বছরেরও কম সময় বাকি থাকলেও, রাইকার্সের বিকল্প হিসেবে নিউইয়র্কের চার বরোতে নির্মাণাধীন চারটি ছোট কারাগারের কাজ এখনো সম্পন্ন হয়নি। মূলত সাজাপ্রাপ্ত বন্দীদের বদলে বিচারাধীন ব্যক্তিদের রাখার জন্য রাইকার্স আইল্যান্ড ব্যবহৃত হয়।
মেয়র মামদানি জানান, রাইকার্সে বন্দীর সংখ্যা ৬ হাজার ৭০০ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ হাজার ১০০-তে নামিয়ে আনা হবে। এই লক্ষ্য অর্জনে আটকের বিকল্প ব্যবস্থা বৃদ্ধি, অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা পুনঃচালু, অপরাধ কমানোর কর্মসূচিতে বিনিয়োগ এবং আদালতে মামলার দীর্ঘসূত্রতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আইনি অনিশ্চয়তার কারণে বছরের পর বছর আটক থাকা ব্যক্তিদের সমস্যা সমাধানে নগর প্রশাসন একটি টাস্কফোর্স গঠন করবে।
নতুন সময়সূচি অনুযায়ী, রাইকার্সের বিকল্প হিসেবে প্রথম কারাগারটি ২০২৯ সালে ব্রুকলিনে চালু হবে এবং ২০৩২ সালের মধ্যে বাকি কারাগারগুলোর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গুরুতর মানসিক বা চিকিৎসাগত প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য হাসপাতালেও শয্যার ব্যবস্থা রাখা হবে।
কারাগারের পরিবেশ ও বিচ্ছিন্নতা প্রসঙ্গে মামদানি বলেন, রাইকার্সে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের তাদের সঙ্গে দেখা করতে অনেক সময় ব্যয় করতে হয়। নতুন কারাগারগুলো আদালত ও গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি নির্মাণ করা হবে, যা বন্দীদের আদালতে যাতায়াত সহজতর করবে এবং সমাজে পুনর্বাসনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

