বিচার বিভাগের স্বাধীনতা বিচারকের সাহসের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম। বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত জরুরি।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট ও ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। তিনি আরও বলেন, কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা উচিত নয়। বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত মর্যাদার বিষয়টি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা উপলব্ধি করতে হবে। বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী আরও জানান, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।