বঙ্গোপসাগরে মিয়ানমারের উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫৩০ জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়ে থাকতে পারেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার থেকে উন্নত জীবনের সন্ধানে সমুদ্রপথে পাড়ি জমানোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। সংস্থাগুলোর যৌথ বিবৃতি অনুযায়ী, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকাগুলো যাত্রা শুরু করেছিল, যার যাত্রীদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে আসা ব্যক্তিরাও ছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে যাত্রা করা প্রথম নৌকাটি ছাড়ার অল্প কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া প্রায় ২৮০ জন যাত্রী বহনকারী দ্বিতীয় নৌকাটি গত ৮ জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই ঘটনা এবং হতাহতের প্রকৃত সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবুও সংস্থাগুলো সম্ভাব্য প্রাণহানির বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন।
আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, নিয়মিত নৌচলাচল মৌসুমের বাইরে এই ঝুঁকিপূর্ণ যাত্রাগুলো সম্পন্ন করা হয়েছে। এ সময় সমুদ্র সাধারণত উত্তাল ও বিপজ্জনক থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সহিংসতার কারণে মিয়ানমার ছেড়ে আসা রোহিঙ্গারা এবং বাংলাদেশের ঘিঞ্জি শিবিরে কঠিন জীবনযাপন করা অনেক শরণার্থীই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে পৌঁছানোর আশায় অনিরাপদ কাঠের নৌকায় সমুদ্রযাত্রায় বাধ্য হচ্ছেন।
জাতিসংঘের তথ্যমতে, গত বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিহত বা নিখোঁজ হন, যা এই রুটকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী সামুদ্রিক পথে পরিণত করেছে। পরিস্থিতি এ বছরও অপরিবর্তিত রয়েছে; ২০২৪ সালে এখন পর্যন্ত এই অঞ্চলে প্রায় ৩০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক নিখোঁজ বা নিহত হয়েছেন। এর আগে গত নভেম্বরে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের লাংকাউই উপকূলে নৌকাডুবির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।
২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যকার তীব্র সংঘর্ষের মধ্যে রোহিঙ্গারা আটকা পড়েছেন।
যাত্রীদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাওয়া কয়েকজনও ছিলেন বলে জানা গেছে।সংস্থাগুলোর আশঙ্কা, দুটি নৌকাডুবিতে মোট ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

