তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়া থেকে প্রতিবছর প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ‘বাসযোগ্য ভবিষ্যৎ: দক্ষিণ এশিয়ার শহরগুলোকে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা করে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি সুরক্ষার উপায়’ শীর্ষক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। পরিস্থিতি এভাবেই চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলের অর্থনীতির আকার প্রায় ৭ শতাংশ সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে। অথচ এই একই সময়ে দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা ২৮ কোটি বাড়বে, যা ক্রমবর্ধমান তাপমাত্রাকে এ অঞ্চলের কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় হুমকি হিসেবে দাঁড় করিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রায় ৫২ কোটি মানুষ বছরে অন্তত এক মাস বিপজ্জনক মাত্রার তাপপ্রবাহের শিকার হতে পারেন, যা বর্তমানের তুলনায় চার গুণ। প্রচণ্ড গরমের কারণে শ্রমিকদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং শহরগুলোর প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাচ্ছে। এর ফলে স্বাস্থ্যব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটাই শহরগুলোর ওপর নির্ভর করছে। তিনি মনে করেন, তাপসহনশীল শহর গড়ে তোলা শুধু মানুষের সুরক্ষার বিষয় নয়, বরং তা কর্মসংস্থান ধরে রাখা, উৎপাদনশীলতা বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণের পূর্বশর্ত।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, নারী, শিশু, বয়স্ক এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা। যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) জলবায়ু সহনশীলতা বিভাগের প্রধান জন ওয়ারবার্টন বলেন, এটি কেবল জলবায়ুর সংকট নয়, বরং একটি উন্নয়ন সংকট। তিনি জানান, প্রচণ্ড গরমের কারণে মানুষের জীবিকা ধ্বংস হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরও দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছে।
বিশ্বব্যাংক এই সংকট মোকাবিলায় তাপপ্রবাহকে উন্নয়ন পরিকল্পনার মূল ধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি তাপসহনশীল অবকাঠামো নির্মাণ, হিট অ্যাকশন প্ল্যান কার্যকর করা, টেকসই শীতলীকরণ ব্যবস্থার সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে। প্রতিবেদনটি তৈরিতে এফসিডিওর ‘কারা’ কর্মসূচি, বিশ্বব্যাংকের গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারি এবং সিটি রেজিলিয়েন্স প্রোগ্রাম সহায়তা প্রদান করেছে। পরিশেষে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার শহরগুলোর ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সঠিক বিনিয়োগ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে শহরগুলোকে কর্মসংস্থান ও উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে টিকিয়ে রাখা সম্ভব।

